ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বাসটার্মিনালের অদূরে নসিমন
আলমডাঙ্গা অফিস: মুন্সিগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষা দিতে আসার পথে আলমডাঙ্গার বাস টার্মিনালের অদূরে ট্রাকের সাথে ধাক্কা লেগে নসিমনে থাকা ৫ পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেওেছ,আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের বিএম শাখার ছাত্র গড়গড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (১৮), একই গ্রামের হান্নান শেকের ছেলে জাহিদ হাসান(১৯), সন্টু মিয়ার ছেলে আব্দুস সালাম (১৯), রেহাউল হকের ছেলে রিয়াজ (২০) ও পুটিমারী গ্রামের হাসিবুল হকের ছেলে মামুন (১৯) এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসার জন্য নসিমনে চড়ে। নসিমনটা আলমডাঙ্গা বাস টার্মিনালের অদূরে পৌছালে একটি ট্রাক ও বাসের মাঝামাঝি পড়লে সাইড দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এ সময় আব্দুস সালামের একটি কান কেটে পড়ে যায়। বাকিরা মারাত্মক জখম হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা দিতে গেলেও আব্দুস সালাম পরীক্ষার হলে যেতে পারেনি। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
