আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পশুহাটের লিটন মেশিনারিজে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে পাশাপাশি দুটি দোকানে আগুন লেগে একটি দোকানের সামান্য ক্ষতিক্ষতি হলেও লিটন মেশিনারিজে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়। জানা গেছে, আলমডাঙ্গার পশুহাটে বলরামপুর গ্রামের আজিমদ্দীনের ছেলে লিটন হার্ডওয়্যারের দোকান দিয়ে ব্যবসা করেন। তার পাশে আরো কয়েকটি দোকান রয়েছে। মঙ্গলবার তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এসময় স্থানীয় লোজকন ফায়ার স্টেশনে সংবাদ দিলে ফায়ার স্টেশনের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও লিটনের দোকানের লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। এ সংবাদ জানার পর দোকান মালিক লিটন অসুস্থ হয়ে পড়লে তাকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
