নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন গোলামকে (৪৩) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকার লোকজন। গতাকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে একই এলাকার জান্টুকে মারধর করলে এলাকার জনপ্রতিনিধিসহ গ্রামের লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে আটককৃত গোলামের বিরুদ্ধে জান্টুর ভাই আলাউদ্দিন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
জানাযায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন মাখালডাঙ্গা গ্রামের মৃত ভালু মন্ডল ওরফে ভেলুর ছেলে গোলাম নিজ গ্রামের মানুষের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। মানুষের ইজিবাইক ভেঙ্গে দেওয়া, যাকে তাকে দা দিয়ে কোপাতে যাওয়াসহ বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করার কারনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গত শনিবার ২টার দিকে একই এলাকার মাদারের ছেলে রহিমের ইজিবাইক ভেঙ্গে দেওয়ার কারনে ৪ হাজার টাকা জরিমানা করে এলাকার স্থানীয় লোকজন। পরে তার পরিবারের লোকজন জরিমানার টাকা পরিষোধ করেন। গতকাল সকালে মৃত রুহুল আমিন মালিথার ছেলে জান্টু পাওনা টাকা চাইতে গেলে তাকে দা দিয়ে কোপাতে যায়। এসময় জান্টুর ভাই আলাউদ্দীন এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে জান্টু ও আলাউদ্দীনসহ এলাকার লোকজন তাকে আটকে রেখে সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেন। এ ঘটনাই আলাউদ্দীন বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
