ছবির ক্যাপশন:
দর্শনা ও কার্পাসডাঙ্গায় বিজিবির পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ও দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিন্সের প্যান্ট ও ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল কমান্ডার নায়েক রাসেল শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অভিযান চালান। এ সময় কার্পাসডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকা হতে ১১৯ পিস ভারতীয় জিন্সের প্যান্ট উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা। অপরদিকে, গতকাল বুধবার সকাল আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনায় অভিযান চালান। এ সময় দামুড়হুদা থানার দর্শনা পাকা রাস্তার উপর হতে ১৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। উদ্ধারকৃত ১১৯ পিস জিন্সের প্যান্ট ও ১৯ পিস শাড়ির সর্বমোট মূল্য ৩ লাখ ১৪ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
