কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ওষুধ বিক্রেতাকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অপরাধে এলাহী ফার্মেসীর মালিক আবুল বাশারকে অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে কার্পাসডাঙ্গা বাজারে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বাজারের এলাহী ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আবুল বাশারকে ২০০৯ সালের ৫১ ধারায় ১৫শ’ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আজিবার রহমান সিজার, সেক্রেটারি মোস্তাফিজ কচি ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাশেম প্রমুখ। পরে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো নষ্ট করা হয়।
