চুয়াডাঙ্গায় দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা : জনজীবনে ভোগান্তি

আপলোড তারিখঃ 2018-03-28 ইং
চুয়াডাঙ্গায় দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা : জনজীবনে ভোগান্তি ছবির ক্যাপশন:
চলতি মাসে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পরিমাণ : এ সপ্তাহ শেষে বাড়বে বৃষ্টিপ্রবণতা নিজস্ব প্রতিবেদক: চলতি চৈত্র মাসে বেড়েছে তাপমাত্রা জনজীবনে বেড়েছে ভোগান্তি। গরমে হাঁসফাঁস করছে মানুষ। গরম বাতাস শরীরে লাগছে আগুনের হলকার মতো। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই এতটুকু। শিশু ও বৃদ্ধরা গরমে কাবু হয়ে পড়েছে সবচেয়ে বেশি। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে দুঃসহ গরমে সারা দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। এর মধ্যে কর্মজীবী মানুষ, শিশু ও বয়োবৃদ্ধদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। শহর-নগর-গ্রামনির্বিশেষে পথচলতি মানুষ গরমে বিপর্যস্ত হয়ে পড়ছেন। গরমের কারণে শিশুদের ব্যাকটেরিয়াল ডায়রিয়াসহ কিছু অসুখেরও প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেও তাপপ্রবাহ বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। এর মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাতের দেখা মিলেছে। তবে সপ্তাহের শেষের দিকে বাড়বে এই বৃষ্টিপাতের প্রবণতা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার শেষের দিকে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এরপর বর্ধিত পাঁচ দিনে এ প্রবণতায় সামান্য পরিবর্তন হতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কমবে রাতের তাপমাত্রা। এখনই কালবৈশাখী, সামুদ্রিক ঝড়ের কোনো আশঙ্কা দেখছে না আবহাওয়া অধিদফতর। তবে দমকা হাওয়া বয়ে গেলে ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলিসিয়াস। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২৩ মিলিমিটার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)