সমীকরণ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের রাতে শুধু এক মিনিট বিদ্যুৎহীনই থাকবে না, মানুষও হাঁটবে না, ওই সময় কোনো গাড়িও চলাচল করবে না। গাড়ি থামিয়ে পথে দাঁড়িয়ে যাবে সবাই। গত বুধবার সচিবালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। গণহত্যার রাতে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশ বিদ্যুৎহীন (ব্ল্যাক আউট) থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এছাড়া এ সময় রাস্তায় চলতে থাকা গাড়ি চলবে না, থেমে যাবে। আমি হেঁটে চলছি, আমি হাঁটব না।’ মন্ত্রী আরও বলেন, ‘যখন এক মিনিট বাতি বন্ধ থাকবে তখন বাড়ির শিশুরা জানতে চাইবে, বাতিটা কেন বন্ধ করা হলো। তখন আমরা বলতে পারব- এইদিন পাকিস্তানি হানাদার বাহিনি বাংলাদেশের বিশেষ করে ঢাকার ঘুমন্ত শিশু, নারী, বৃদ্ধ, নিরস্ত্র নির্বিশেষে সব পেশার মানুষের ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল। এর চেয়ে ঘৃণ্য কাজ আর কিছু নেই।’ সরকার এবার ভিন্ন মাত্রায় আন্তর্জাতিক দিবসের মতো গণহত্যা দিবস পালন করবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, ‘প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করা হয়। কিন্তু এর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। একটি দিবস পালন করতে হয়, তাই পালন করা হচ্ছে। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য সরকার কাজ করে যাচ্ছে।
