ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার যুবক নিহত : আহত ২০
ঘটনাস্থল থেকে ফিরে আহাদ আলী: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী দর্শনা ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ঈশ্বরবা জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে নিহত একজন চুয়াডাঙ্গার কুড়ুলগাছির কোরবান আলী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১০টার দিকে।
আহতরা হলেন- সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান, জীবননগর উপজেলার শ্যামকুড় গ্রামের বৃদ্ধ নিজাম উদ্দীন, ঈশ্বরবা গ্রামে ইদ্রিস আলী, কাশিপুর গ্রামের রিপন, এনটিআরসি বোর্ডের সহকারী পরিচালক ভালাইপুর গ্রামের উম্মে হাবিবা, কালীগঞ্জের শফি, চন্দ্রজামি গ্রামের মরিয়ম রহমান, দোড়া গ্রামের তন্মিমনি, জীবননগরের জান্নাতুল, শিবননগর গ্রামের সাইদুর রহমান ও শিশুসহ প্রায় ২০ জন।
স্থানীয়রা জানায়, জীবননগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৭২৮) যাত্রীবাহী বাসটি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে পৌছালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ঈশরবা গ্রামের ইদ্রিস আলী নামের এক বৃদ্ধ বাইসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন। এসময় পরিবহনটি বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরাতায় সহযোগিতা করেন।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে উল্টে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ও কোটচাদপুর ফায়ার সার্ভিসসহ স্থানীয় জনতা তিনটি ট্রাক্টরের সহযোগীতায় বাসের নীচ থেকে আহতদেরকে উদ্ধার করে। আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে আহত যাত্রী কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসেন কুরবান (৩০) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ছেড়ে আসা ঢাকাগামি দর্শনা ডিলাক্সের একটি যাত্রীবাহি বাস কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে পৌছালে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার সময় ঈশরবা গ্রামের ইদ্রিস আলী নামের এক বৃদ্ধ বাইসাইকেলে করে রস্তা পার হচ্ছিল। এসময় বাসটি বৃদ্ধকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাসস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।
এদিকে, কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসেন কোরবানের মৃত্যুর খবর বাড়িতে পৌছালে পরিবারসহ পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। নিহত কোরবানের লাশ গতকালই রাত সাড়ে ৭টার দিকে তার গ্রামের বাড়িতে পৌছায়। রাত ৯টার দিকে গ্রাম্য কবরস্থানে লাশের দাফনের প্রস্তুতি চলছিল।
