ইন্সুরেন্সের টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ইন্সুরেন্সের মেয়াদ পূর্ণ হলেও মাসের পর মাস ঘুরেও টাকা না পাওয়া গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বাইরা লাইফ ইন্সুরেন্স কোম্পানির চুয়াডাঙ্গা শাখার দুইজন কর্মচারীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ বাজারে অবস্থিত ইন্সুরেন্স কোম্পানির অফিস থেকে তাদেরকে আটক করা হয়। ইন্সুরেন্স কোম্পানির উর্ধ্বতন কর্তৃপক্ষ আজ এসে গ্রাহকদের টাকা না দিলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে থানা পুলিশ।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক গ্রাহক বাইরা লাইফ ইন্সুরেন্স কোম্পানি চুয়াডাঙ্গা কেদারগঞ্জ শাখায় ভিভিন্ন মেয়াদে ইন্সুরেন্স করেন। এসকল গ্রাহকদের ইন্সুরেন্সে’র মেয়াদ এক বছরের বেশি সময় আগে পূর্ণ হয়। পরে মাসের পর মাস ইন্সুরেন্স অফিসে তাগাদা দিলেও টাকা দেওয়ার বিষয়টি এড়িয়ে যান এসকল ইন্সুরেন্স কর্মকর্তা কর্মচারী। ফলে এসকল গ্রাহকদের টাকা ফেরত পাবার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। গতকাল এসকল ইন্সুরেন্সকারীদের বেশ কয়েকজন ইন্সুরেন্স কোম্পানির কেদারগঞ্জ বাজারস্থ অফিসে এসে উপস্থিহ হয়। জমানো টাকা ফেরত না পেয়ে এসকল গ্রাহকরা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন। পরে সদর থানার এসআই আকরাম হোসেনসহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে এসে বাইরা লাইফ ইন্সুরেন্স কোম্পানির চুয়াডাঙ্গা শাখার সহকারী কর্মকর্তা পলাশ পাড়ার সামসুল হুদার ছেলে আক্তারুজ্জামান (৩৪) ও উক্ত অফিসের পিওন কেদারগঞ্জ পাড়ার ইসরাফিল শেখ এর ছেলে খোকন আলীকে (২৬) আটক করে থানা হেফাজতে নেন।
চুয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, ইন্সুরেন্সকারী গ্রাহকরা টাকা না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে উক্ত ইন্সুরেন্স কোম্পানির কেদারগঞ্জ বাজারস্থ অফিস থেকে দুইজনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেওয়া হয়। এসময় পুলিশ আরো জানায়, আটককৃতদের অফিসারদের সাথে কথা হয়েছে আজ তাদের আসার কথা। গ্রাহকদের টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
