বর্তমানে সরকার জনস্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে

আপলোড তারিখঃ 2018-03-02 ইং
বর্তমানে সরকার জনস্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আয়োডিনযুক্ত লবন ব্যবহার শীর্ষক কর্মশালায় অতিরিক্ত সচিব ইফতেখারুল ইসলাম খান নিজস্ব প্রতিবেদক: বুদ্ধিদীপ্ত জাতি গঠন, নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে মান সম্পন্ন আয়োডিনযুক্ত লবণ নিশ্চত করতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল প্রণয়নের মধ্য দিয়ে `পলিসি ডায়লগ টুওয়ার্ডস সাসটেনেবল ইউনিভার্সল সল্ট আয়োডাইজেশন` শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত পলিসি ডায়ালগ কর্মশালাটি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং নিউট্রিশন ইন্টারন্যশনাল (এন.আই) বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বিসিকের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ইফতেখারুল ইসলাম খান। তিনি বলেন, ‘বর্তমানে সরকার জনস্বাস্থ্যের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে। জনস্বাস্থ্যের সাথে সম্পর্কীত আয়োডিন সম্পর্কে সচেতনতা বাড়লেও এখন পর্যন্ত এ ক্ষেত্রে আমরা কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হইনি। আয়োডিন বিষয়ক প্রকল্পের মাধ্যমে আমরা এই সমস্যা সমাধানে দীর্ঘসময় ধরে কাজ করছি।’ তিনি কাঙ্খিত সাফল্য অর্জনে দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য সমাজের শিক্ষিত ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ীসহ সংশিষ্ট সকলকে ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং বিসিকের পরিচালক (ফাইনান্স) হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম, নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এন.আই) এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ড. আশেক মাহ্ফুজ, সিআইডিডি ও বিসিকের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ। সরকারের যুগ্ম সচিব এবং বিসিকের পরিচালক (ফাইনান্স) হাবিবুর রহমান বলেন, ‘আয়োডিনের ঘাটতি কাটিয়ে উঠতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে হবে। সিআইডিডি ও বিসিকের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলম বলেন, ‘বুদ্ধিদীপ্ত জাতি গঠনে আয়োডিনের ভূমিকা অপরিসীম এবং পরিমিত মাত্রার আয়োডিনযুক্ত লবণের মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে।’ অন্যান্য অতিথিবৃন্দ শিশু ও নারী স্বাস্থ্যের উন্নয়নে মানসম্মত আয়োডিনযুক্ত লবণ নিশ্চিতকরণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা পালনের অঙ্গীকার করেন এবং জনসচেনতা সৃষ্টির জন্য শিক্ষকগণের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় `সুস্বাস্থ্য গঠন ও প্রতিভা বিকাশে আমাদের দৈনন্দিন খাদ্যে আয়োডিনের ভুমিকা` বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ বোরহান উদ্দিন। কর্মশালার সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা এবং মনিটরিং কার্যক্রম আরো কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। ইউনিসেফ, নিউট্রিশন ইন্টারন্যাশনালের (এন.আই) প্রতিনিধিবৃন্দসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার অংশগ্রহণকারীদের মুক্ত আলোচনা ও প্রশ্ন-উত্তরের মাধ্যমে আগামীতে প্রকল্পের কার্যক্রম পরিচালনায় শতভাগ সফলতায় বাস্তবমুখী সমন্বয়ের গুরুত্ব আরোপ করেন। কর্মশালা পরিচালনায় সহায়তা করেন ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপ (সিবিএসজি)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)