জীবননগর অফিস: জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধা ৭টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে হাবিবপুর গ্রামে নজরুল মল্লিকের পোস্টার ছেড়াসহ একজন হাসুয়া নিয়ে তাড়া করাকে কেন্দ্র করে আলী আজগার টগর (এমপি) গ্রুপের সদস্যদের মধ্যে একটি সংঘর্ষ হয়। এতে এলাকার সাধারন জনগন আলী আজগার টগর (এমপি) গ্রুপের সদস্য কামরুলকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল আবারও দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আলী আজগার টগর (এমপি) গ্রুপের সদস্য হাবিবপুর গ্রামের আলতাফের ছেলে বকুল উদ্দিন মিল্টনকে (৩০) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে, নজরুল মল্লিক গ্রুপের সদস্য হাবিবপুর গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে আতিয়ারের বিরুদ্ধে।
এ ব্যাপারে আহত মিল্টন অভিযোগ করে বলে, `আমি বিকালে দোকানে বসে ছিলাম এ সময় আতিয়ার দোকানে এসে বলে- ‘এবার নজরুল মল্লিক দলীয় প্রতীক নৌকা নিয়ে আসবে; সেখানে আমি বলি- ‘এবার টগর (এমপি) দলীয় প্রতীক নৌকা নিয়ে আসবে’ এ কথা বললে আতিয়ার ও তার দলবল আমাকে বেধখড় ভাবে মারধর করতে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে রক্তাত্ব অবস্থায় জীবননগর হাসপাতালে ভর্তি করে।`
এ ব্যাপারে আতিয়ারের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, ‘সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষের কোন ঘটনায় কেউ অভিযোগ করেনি। থানায় অভিযোগ এলে তার পর ব্যবস্থা নেওয়া হবে।’
