বাংলাদেশ-ভারতের বরেণ্য কবি-সাহিত্যিকরা চুয়াডাঙ্গায়

আপলোড তারিখঃ 2018-02-24 ইং
বাংলাদেশ-ভারতের বরেণ্য কবি-সাহিত্যিকরা চুয়াডাঙ্গায় ছবির ক্যাপশন:
আজ চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে ‘এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন’ নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন’। জেলার ঐতিহ্যবাহী সংগঠন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বর্ষপূতি উপলক্ষে এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত কবি-সাহিত্যিকরা চুয়াডাঙ্গায় পৌঁছেছেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ তার গৌরবময় কর্মকালের ৪০ বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আয়োজন করছে সাহিত্য সম্মেলন। ‘এসো শিল্পের আগুনে পুড়ে শুদ্ধ হই, দ্বিধা আর জড়তা ভেঙে মুক্ত হই’ এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এ সম্মেলন চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। শুক্রবার সারাদিন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত কবি-সাহিত্যিকরা চুয়াডাঙ্গায় আসতে শুরু করেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যসহ সম্মেলন সংশ্লিষ্ঠদের মাঝে লক্ষ্য করা যায় ব্যাপক উৎফুল্লতা। আমন্ত্রিতদের স্বাগত জানাতে ব্যস্ত ছোটাছুটি চলতে থাকে তাঁদের। দূর-দূরান্তের কবি-সাহিত্যিক গুণিজনদের কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন জেলার কবি-সাহিত্যিকরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা ক্লান্ত অতিথিদের মধ্যেও লক্ষ্য করা যায় উৎফুল্লতা। ক্লান্তি ভুলে তাঁরাও ফেটে পড়েন উচ্ছ্বাসে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশের কথা সাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের প্রখ্যাত কথাশিল্পী আবুল বাশার। জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, সংরক্ষিত সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কবি মাকিদ হায়দার, কথা সাহিত্যিক আনিসুল হক ও নাসরীন জাহান এবং ভারতের কবি নন্দদুলাল আচার্য, কবি সুব্রত সরকার, কবি তারিক সুজাত, গল্পকার ও কবি পার্থ আচার্য, ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায়, কবি ফরিদ আহমদ দুলাল, কবি আশরাফ আহমদসহ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ৬৪ জেলার কবি-সাহিত্যিকরা উপস্থিত থাকছেন। ভারতের আসাম থেকেও এসেছেন কবি-সাহিত্যিকরা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুদিনব্যাপি এ সম্মেলন শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উদ্বোধন করা হবে। আয়োজনে থাকবে উদ্বোধন পর্ব, শোভাযাত্রা, আলোচনা পর্ব, কবিতা পাঠের আসর, সম্মননা, আবৃত্তি, বিষয়ভিত্তিক আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)