ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা কারাগারে দায়িত্বরত অবস্থায়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কারাগারে দায়িত্বরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে কারারক্ষী আলাউল ইসলাম সুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কারাভ্যন্তরে কারারক্ষী (সিআইডি) দায়িত্বপালনকালে আকস্মিক বুকে ব্যাথা অনুভব করলে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ি মাজিলা গ্রামের মৃত আমিরুল ইসলামের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি মাতা, স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, ভাই- বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
কারাসূত্র জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল থেকে কারাভ্যন্তরে সিআইডি’র দায়িত্বপালন করছিলেন কারারক্ষী আলাউল ইসলাম। বেলা সাড়ে ১১টা নাগাদ আকস্মিক বুকে ব্যাথা অনুভব করলে সে কারাগারের প্রধান ফটকে দায়িত্বরত সহকর্মীদের কাছে এসে অসুস্থতার কথা জানায়। এ সময় তাকে কারাভ্যানযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরে সেখান থেকে তার লাশ কারাগারে নিয়ে আসা হয়। স্বামীর লাশ দেখে স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। একই সাথে সহকর্মীর মৃত্যু সংবাদে বাকরুদ্ধ হয়ে যায় কারারক্ষীরা। শোকের ছায়া নেমে আসে গোটা কারা এলাকা জুড়ে।
কারারক্ষী আলাউল ইসলাম সুজনের লাশ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কারাগার প্রাঙ্গনে ১ম নামাজে জানাযা শেষে নিজ গ্রাম কুষ্টিয়া ইবি’র পাটিকাবাড়ি মাজিলায় নেয়া হয়। তাকে এক নজর দেখতে হাজারো মানুষর ঢল নামে গ্রামের বাড়িতে। সন্তানের নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান মাও। এদিন বাদ মাগরিব গ্রামের মাঠে ২য় নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, আলাউল ইসলাম সুজন ২০০১ সালের ১লা আগস্ট কারারক্ষী হিসেবে চাকুরীতে যোগদান করেন। এরপর দু’দফায় দীর্ঘ ৩ বছর যাবত চুয়াডাঙ্গা জেলা কারাগারে দায়িত্বপালন করে আসছিল সে।
