ছবির ক্যাপশন:
ভারতের ভাতৃসী সংঘ বনাম চুয়াডাঙ্গা ফিউচার একাডেমী ফুটবল প্রীতি ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন ও দু’দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভারতের নদীয়ার বাদকুল্লার মিলন সংঘের মাঠে ভাতৃসী সংঘ বনাম চুয়াডাঙ্গার ফিউচার ফুটবল একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ খেলায় অবশেষে ১-১ গোলে ড্র হয়। খেলা শুরুর প্রথমার্ধের ১৩ মিনিটের সময় ভাতৃসী সংঘের রাজেশ দেবনাথ একটি গোল করেন। ১-০ গোলে এগিয়ে থাকে ভাতৃসী সংঘ। প্রথমার্ধের ২৭ মিনিটে চুয়াডাঙ্গার ফিউচার ফুটবল একাডেমীর শিলন একটি গোল করে সমতা ফিরিয়ে আনেন। এরপর উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করেও বল জালে প্রবেশ করাতে পারে নি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমীর চেয়ারম্যান মাহামুদুল হক লিটন, টিম লিডার রুবাইত বিন আজাদ সুস্থির, ম্যানেজার আশাবুল হক আশা, কোচ অমিত কুমার মদন, ভাতৃসী সংঘের টিম লিডার রাজেশ মল্লিক, ম্যানেজার বাপ্পা পাচ্চী, কোচ সুজিত পাল।
প্রীতি ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার ও কোচ মাহামুদুল হক লিটনকে ভাতৃসী সংঘ সংবর্ধণা প্রদান করে। সংবর্ধনায় শুভেচ্ছা স্মারক স্বরুপ ভারতের জাতীয় পতাকা মাহামুদুল হক লিটনের গলায় পরিয়ে দেন ক্লাবের সাধারন সম্পাদক সুবির ভৌমিক সোনা ও সমাজ সেবক সঞ্জীব বিশ্বাস। প্রীতি ম্যাচে ফিউচার ফুটবল একাডেমীর সকল সদস্যকে ভাতৃসী সংঘ শুভেচ্ছা স্বরুপ ভারতের ব্রোঞ্জ ম্যাডেল উপহার দেয়। এ সময় উপস্থিত ছিলেন ভাতৃসী সংঘের সভাপতি অলকিন্দ দাশ, সমাজসেবক কৌশিক শাহা, এ্যাডভোকেট বিজয় মন্ডল, পল্লব মন্ডল প্রমুখ।
আজ বিকাল ৩ টায় ভারতের রানাঘাট স্টেডিয়ামে ফ্রেন্ডস ক্লাব রানাঘাট নদীয়ার সাথে মুখোমুখি হবে বাংলাদেশের ফিউচার ফুটবল একাডেমী চুয়াডাঙ্গা।
এদিকে, ভারতের নদীয়ার রানাঘাটের মিশন রোডের ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশের জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ চুয়াডাঙ্গার ফিউচার ফুটবল একাডেমীর চেয়ারম্যান মাহমুদুল হক লিটনকে সংবর্ধনা ও ফ্রেন্ডস ক্লাবের চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করে। এ সময় টিম লিডার রুবাইত বিন আজাদ সুস্থির, টিম ম্যানেজার আশাবুল হক আশা ও কোচ অমিত কুমার মদন ও ক্যাপ্টেন কাদের উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও গার্ড অব অর্নার প্রদান শেষে রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্লাব সভাপতি প্রাক্তন শিক্ষক নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাহমুদুল হক লিটন, কমিশনার শ্রীমতি গীতাশ্রী রাহা, এ্যাডভোকেট বিজয় মন্ডল, ফ্রেন্ডস ক্লাবের সাধারন সম্পাদক বাবু ঘোষ, গেম সেক্রেটারি ড. জয়ন্ত কুমার দেবনাথসহ ক্লাব নেতৃবৃন্দ।
