ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: এক সময়ের তারকা ফুটবলার মাহমুদুল হক লিটনের লালিত স্বপ্ন তাঁর হাতে গড়ে ওঠা ফিউচার ফুটবল একাডেমি দেশের বাইরে খেলতে যাবে। এবার প্রথমবারের মত প্রতিবেশি দেশ ভারতের বেশ কয়েকটি স্থানে খেলার মাধ্যমে তাঁর সে স্বপ্ন সার্থক হবে বলে প্রত্যাশা জেলাবাসীর। নব্বয়ের দশকের ফুটবল মাঠে বাঘ-সিংহধারী দু’টি দল ছিল ভারত ও বাংলাদেশ। সেই বন্ধু দেশের সাথে প্রিতি ম্যাচই হবে ফিউচার ফুটবল একাডেমির পথ চলার পাথেয়। আজ শনিবার বিকাল ৪টায় দর্শনা জয়নগর সীমান্ত হয়ে ভারত গমণ করবে সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটনের নেতৃত্বাধীন এফএফএ’র ২০ সদস্যের একটি দল। দেশের বাইরে খেলার বাস্তব অভিজ্ঞতা ও প্রতিবেশি দেশের খেলোয়াড়দের সাথে সম্পর্কন্নোয়নে ৫ দিনের জন্য ভারত সফর করার কথা রয়েছে তাদের। সফরকালীন সময়ে কোলকাতা, রানাঘাট, বোগলাসহ বেশ কয়েকটি স্থানে খেলোয়াড়দের ভ্রমণ এবং স্থানীয় দলগুলোর সাথে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার করবে তারা। স্কোয়াড পরিচালনায় থাকবে কোচ মদন কুমার, ম্যানেজার আসাবুল হক।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে এফএফএ’র অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন প্রধান অতিথি থেকে সকল খেলোয়াড়দের হাতে সময়ের সমীকরণ লোগো সম্বলিত সুদৃশ্য জার্সি তুলে দেন। তিনি বলেন, ‘এফএফএ একটা জেলার দল নয়; দেশের বাইরে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। খেলোয়াড় সুলভ মনোভব নিয়ে ভালো খেলার মাধ্যমে এই দেশ তথা চুয়াডাঙ্গা জেলার মর্যাদা বাড়াতে হবে।’ পরিচালক ফুটবলার লিটনের নিমন্ত্রণে এ সময় সময়ের সমীকরণ’র বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম, নিজস্ব প্রতিবেদক ও জেলা ক্রীড়া লেখক সাংবাদিক সমিতিরি সাধারণ সম্পাদক এসএম শাফায়েত উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে ৪টায় এফএফএ’র সকল ফুটবলার ও ভারত সফরে অংশগ্রহণকারী ২০ সদস্যের দলটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। জেলা প্রশাসক বলেন, ‘এশিয়ার মধ্যে এক সময় ফুটবল মাঠের অংশীদারিত্ব ছিল বাংলাদেশ ও ভারতের। একটা সময়ে এসে বাংলাদেশ ঝিমিয়ে পড়লেও ভারত সে অবস্থান ধরে রেখেছে। তাদের সাথে খেলার মধ্যে দিয়ে চেষ্টা করতে হবে আবারো সে ঘাটতি পূরণ করার। বাইরের দেশের ফুটবলার তোমাদের থেকে বিরাট কিছু না; তারাও রক্তে মাংসের মানুষ। ফুটবল মাঠে কৌশলী হতে পারলে মাঠ নিজেদের দখলে থাকবে।’ এ সময় জেলা প্রশাসক ম্যাচ জার্সি ও শুভেচ্ছা স্বারক উন্মোচন করেন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের ছাদ বাগানে খেলোয়াড়দের সাথে নিয়ে ফটো সেশন করেন।
