ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী মোল্লা নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার দফরপুর গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী মোল্লা (৬৫) মুজিবনগর উপজেলার বিএনপি’র সহ-সভাপতি ও একই উপজেলার মোনাখালী গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার পুরন্দরপুর গ্রামের হাসমত আলী, সোলেমান হোসেন ও শাহ আলম। আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রুস্তম আলী মোল্লা সদর উপজেলার কোলা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। অপরদিকে থেকে একটি মোটরসাইকেলে আহত তিনজন কোলা গ্রামের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় দফরপুর গ্রামে মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলী মোল্লাকে মৃত ঘোষণা করেন এবং আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে খবর পেয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সদর হাসপাতালে তার মরদেহ দেখতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
