ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লায় রাস্তা পারপারের সময় লেগুনার ধাক্কায় ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত বৃদ্ধ ফজলুল হক চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের স্কুলপাড়ার মৃত আব্দুল গাফফারের ছেলে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভিমরুল্লায় এঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফজলুল হক নিজ বাড়ি থেকে বের হয়ে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়ক পার হচ্ছিলেন ফজলুল হক। এ সময় চুয়াডাঙ্গা থেকে দর্শনার অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন তিনি। পরে ওই লেগুনা চালক যাত্রীদেরকে নামিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত বৃদ্ধ ফজলুলকে উদ্ধার করে ওই গাড়িতেই নিয়ে এসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ময়নাতদন্ত ছাড়ায় গতকাল এশার নামাযের পর নিজ গ্রামের মসজিদে জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পূর্ণ করা হয়।
