খালেদাকে ছাড়াই বিএনপির শীর্ষ নেতাদের প্রথম বৈঠক : ভিডিও কনফারেন্সে তারেক জিয়া

আপলোড তারিখঃ 2018-02-11 ইং
খালেদাকে ছাড়াই বিএনপির শীর্ষ নেতাদের প্রথম বৈঠক : ভিডিও কনফারেন্সে তারেক জিয়া ছবির ক্যাপশন:
গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সোমবার থেকে টানা ৩ দিনের নতুন কর্মসূচি বিএনপির : আজ ২০ দলীয় জোটের বৈঠক সমীকরণ ডেস্ক: দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলে যাবার দুই দিন পর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ ও সিনিয়র যুগ্ম-মহাসচিবদের বৈঠকে এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে এ বৈঠকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও ফোনে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির উপায় বের করতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার এ বৈঠক হয়। মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলে সম্পূর্ণ একা সাধারণ একজন কয়েদীর মতো রাখা হয়েছে। অনতিবিলম্বে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। জেল কোড অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে কোন আবেদন ছাড়াই ডিভিশন দেয়ার নিয়ম। কিন্তু তাকে এখনো সাধারণ কয়েদীর মতো রাখা হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেয়া হয়নি, খালেদা জিয়ার গৃহ পরিচারিকাকে সাথে রাখার অনুমতি দেয়া হয়নি। এদিকে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক বিচারের রায়ের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের টানা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে, সোমবার মানববন্ধন, মঙ্গলবার অবস্থান এবং বুধবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ৮ ঘন্টার অনশন। অবস্থান কর্মসূচি হবে এক ঘন্টা। জেলাগুলো তারা সুবিধামত সময়ে তা ঠিক করবে এবং ঢাকার অবস্থান স্থান পরে জানানো হবে বলে জানান রিজভী। বৃহস্পতিবার খালেদা জিয়াকে কারাগারে নেবার পর শুক্রবার ও শনিবার দুইদিন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের পর বিএনপির পক্ষ থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হলো। এসময় রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ওপর ক্রমাগত স্টিমরোলার চলেছে। রাষ্ট্রযন্ত্রের যাতাকল এই পরিবারের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই সংবাদ সম্মেলন হয়। অপরদিকে, ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকাল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার সন্ধ্যায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলে যাবার দুই দিন পর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ ও সিনিয়র যুগ্ম মহাসচিবদের বৈঠকে এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)