ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় দু’যুবকের বাকবিন্ডা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কোর্ট মোড় সংলগ্ন ১নং পানির ট্যাংকের সামনের রাস্তায় মোটরসাইকেল-মোটরসাইকেলে ধাক্কা লাগার বিবাদে প্রতিপক্ষের যুবকদলের চাপাতির কোপে গুরুতর জখম হয়েছে ইলেকট্রিশিয়ান রাকিব হোসেন (২১) নামের এক যুবক। সে পৌর শহরের মালোপাড়ার আব্দুল মোমিনের ছেলে। চাপাতির কোপে রাকিবের বাম হাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আহত রাকিবের সাথে থাকা বন্ধুরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাকিব একটি মোটরসাইকেল নিয়ে ব্যাক্তিগত কাজে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাস কাটানোর সময় হালকা ধাক্কা লাগে। তার মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে অপর মোটরসাইকেল চালক রিমন হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। সেখান থেকে কাজ শেষে রাকিব শহরের পান্না সিনেমা হলের সামনে একটি চায়ের দোকানে বসে ছিল। এ সময় রিমন ও তার বন্ধু শিমুল, স্বাধীন, রিমন (২) চাপাতি নিয়ে এসে রাকিবের উপর হামলা চালায়। রিমন (২)’র চাপাতির কোপ ঠেকাতে গেলে উপর্যপুরি কোপে রাকিবের বা হাত মারাত্মক ভাবে জখম হয়। পরে তার বন্ধুসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের কোপে রোগীর বা হাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলাওয়ার হোসাইন জানান, চুয়াডাঙ্গা পান্না সিনামা হলের সামনে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে হামলাকারীদের আটক করতে অব্যাহত চেষ্টা চালানো হচ্ছে।
