ডেডলাইন ৮ ফেব্রুয়ারি : মিছিল সমাবেশ নিষিদ্ধ, বাড়ছে উৎকণ্ঠা

আপলোড তারিখঃ 2018-02-07 ইং
ডেডলাইন ৮ ফেব্রুয়ারি : মিছিল সমাবেশ নিষিদ্ধ, বাড়ছে উৎকণ্ঠা ছবির ক্যাপশন:
প্রস্তুতি রাখছে আওয়ামী লীগ : ভাবছে বিএনপিও আজ খালেদা জিয়ার সংবাদ সম্মেলন: ঢাকার প্রবেশমুখে তল্লাশি, আবাসিক হোটেলে কড়াকড়ি ডেস্ক রিপোর্ট: ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা এড়াতে ঢাকার প্রবেশমুখে তল্লাশি, আবাসিক হোটেলগুলোতে কড়াকড়ি নজর রেখেছে পুলিশ। এমনকি রায় প্রকাশের দিন রাজধানীতে সমস্ত প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা নিয়ে বিএনপিতে অস্থিরতা চলছে। চলছে নানা রকমের প্রস্তুতিও। বেগম খালেদা জিয়া যদি সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান তাহলে কি করণীয় তা নিয়ে গত কয়েকদিন দলের ভেতর-বাইরে আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, রায় দেখে কর্মসূচি নির্ধারণ করা হবে। তবে রায়ের দিন ঢাকা এবং সারাদেশে রাজপথে অবস্থান থাকবে নেতা-কর্মীদের। এনিয়ে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও প্রস্তুতি সভা করছেন। এসব বৈঠকের আসল বার্তা হলো ঐক্যবদ্ধ থাকা। যা বেগম জিয়া নির্বাহী কমিটির সভায় জোর দিয়ে বলেছেন। আদালতের রায়ের আগে দলীয় নেতাদের নির্দেশনা দিতে আজ সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার রাতে বলেন, `দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।` এরপর সোমবার সিলেট গিয়ে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করে আসেন বিএনপি নেত্রী। তারপরই তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য নিয়ে আসছেন। খালেদা দাবি করছেন, কোনো অপরাধ না থাকলেও সরকার তাকে সাজা দিতে গায়ের জোরে এই রায় দিতে যাচ্ছে। সাজানো রায় দিয়ে খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ করছেন বিএনপি নেতারা। তবে আওয়ামী লীগ নেতারা তা প্রত্যাখ্যান করে বলছেন, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এই রায়কে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে উৎকণ্ঠা রয়েছে। নাশকতা সৃষ্টির যে কোনো চেষ্টা ঠেকাতে প্রস্তুতির কথাও জানিয়েছে পুলিশ। খালেদার আদালতে হাজিরার সময় পুলিশের উপর হামলার প্রেক্ষাপটে রায়ের দিন বৃহস্পতিবার ঢাকায় যে কোনো ধরনের মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। তবে জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে খালেদা জিয়া হঠকারী কোনো কাজ না করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কারাবন্দি হলে নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে খালেদা বলেছেন, আপনারা হঠকারী কোনো কিছুতে পা দেবেন না, দলকে বিপদে ফেলার মতো কিছু করবেন না। সবাই একতাবদ্ধ থাকবেন। এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশকে সহায়তা করব। আমরা ক্ষমতায় আছি, আমরা গায়ে পড়ে কেন অশান্তি ডেকে আনব? ক্ষমতাসীন দল গায়ে পড়ে কেন দেশের স্থিতি, শৃঙ্খলা নষ্ট করবে? দেশ তো শান্তিতে চলছে, আমরা কেন অশান্তি ডেকে আনব? তিনি বলেন, আওয়ামী লীগ আজ থেকে সতর্ক, সজাগ থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে আওয়ামী লীগ পুলিশকে সহায়তা করবে। অপরদিকে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রায় ঘিরে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে সব ধরনের মিছিল ও জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক ‘জরুরি বার্তায়’ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে। যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় দাঁড়িয়ে/বসে কোনো ধরনের মিছিল করা যাবে না।’ উল্লেখ্য, আগামীকাল ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদে সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এ মামলার প্রধান আসামি। রায় বিরুদ্ধে গেলে খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হয়ে পড়বেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)