ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: ইয়াবাসহ আটক দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হোসেন (২৭) ও ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম ডিউককে (২৬) জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল রোববার বেলা ১২টার দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা করা হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত শনিবার সন্ধ্যায় তাদেরকে দলকালক্ষ্মীপুর গয়েশপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবন করার সময় পুলিশ তাদের আটক করে। শনিবার রাতেই আটককৃত ছাত্রলীগের দু’নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর মাঝেরপাড়ার সামসুল হকের ছেলে জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হোসেন এবং একই গ্রামের স্কুলপাড়ার আশাবুল হকের ছেলে ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম ডিউক শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির টুআইসি মুকুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে আলী হোসেন ও ডিউককে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত আলী হোসেন ও ডিউক পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার বেলা ১২ টার দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে আটক রাখার আদেশ দেন।
