আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার ইউনিয়নের পাঁকা গ্রামে নববিবাহিত ফাতেমা খাতুন নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী ফাতেমা খাতুন উপজেলার পাঁকা গ্রামের পশু চিকিৎসক হাবিবুর রহমানের স্ত্রী। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। জানা যায়, উপজেলার পাঁকা গ্রামের পশু চিকিৎসক হাবিবুর রহমানের সাথে আড়াই মাস আগে বিবাহ হয় কুষ্টিয়ার ফাতেমা খাতুনের সাথে। শনিবার বিকালে ফাতেমা তার নিজ টিনের ঘরের কাঠের বাটামের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে শাহাপুর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল হোসেন, টুআইসি এএসআই রাহাত হাসানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের উদ্দেশ্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর আসল কারণ না জানা গেলেও তার স্বামী হাবিবুর রহমানকে পছন্দ করতনা বলে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে মহল্লাবাসী।
