কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বাজারের ঔষধ বিতানের মালিক ইমদাদের বিরুদ্ধে ভুল চিকিৎসা প্রদানে ২টি গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের মৃত আলফাজের ছেলে ই¯্রাফিল তার তিনটা গরুর কৃমির ঔষুধ আনতে ইমাদাদের ফার্মেসীতে এলে সে গরুকে ২টি করে ঔষধ খাওয়াতে বলে। মাত্রাতিরিক্ত ডোজের কারনে ওষুধ খাওয়ানোর পর থেকেই গরু তিনটির পাতলা পায়খানা হতে থাকে। এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার ২টি ষাঁড় মারা যায়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। আরেকটি গরুও খুব অসুস্থ। এ বিষয়ে অসুস্থ গরু দেখতে যাওয়া পশু চিকিৎসক ছাতিয়ানতলা গ্রামের নওসাদ জানান ৫০/৬০ কেজি ওজনের একটি গরুকে সর্বোচ্চ ১টি ট্যাবলেট দেওয়া যায়। কিন্তু ইমদাদ গ্লোব কোম্পানির ট্রাইসল একেকটি গরুকে দু’টি করে দিতে বলে। যা ডোজ ছাড়াও তিনগুন বেশী। বর্তমানে গরুর মালিক তার দু’টি গরুর মৃত্যুতে পাগলপ্রায় অবস্থা। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইমদাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
