ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: সুফি-সাধকদের পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু করলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সেখানে দলের সমাবেশে তিনি বলেন, এ বছরের ডিসেম্বরেই নির্বাচন হবে। সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, ‘হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর পুণ্যভূমি সিলেট থেকে আজকে আমরা নির্বাচনী প্রচার শুরু করছি। ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য তাঁর সরকার যে কাজ করে যাচ্ছে, তাতে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশবাসী উন্নয়নের ছোঁয়াটা পেত না। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘লুটেরা (বিএনপি) ক্ষমতায় এলে লুটপাট করে খেত। আর সন্ত্রাস-জঙ্গিবাদ চালাত।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অতীতেও নৌকা মার্কায় ভোট দিয়েছেন, এই নৌকা মার্কায় ভোট দিয়েই বাংলার মানুষ তাঁর স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়েই আজকে বাংলাদেশ সমগ্র বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সম্মান পেয়েছে। বাঙালি কারও কাছে হাত পেতে চলবে না, মাথা উঁচু করে চলবে, আর তা নিশ্চিত করতে হলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মাকায় ভোট চাই।’
