ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। যারা আদালতের রায় মানে না, তাদের কাছে গণতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয়। গতকাল শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আদালত স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। যদি আদালত স্বাধীন না হতেন, তাহলে খুনের মামলায় আওয়ামী লীগের এমপি, সরকারের অনেক মন্ত্রী ও ছাত্রলীগের নেতাকর্মীরা কারাগারে থাকতেন না। তিনি বলেন, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কী সাজা হবে তা আদালতের এখতিয়ার। সাক্ষ্য-প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আদালত যে সিদ্ধান্ত নেবেন, সেখানে সরকারের কোনো হাত নেই। সেতুমন্ত্রী বলেন, বিএনপি আদালতের রায় না মেনে আন্দোলনের হুমকি দিচ্ছে। যারা আদালতের বিরুদ্ধে হুমকি দিতে পারে, তাদের হাতে দেশ, গণতন্ত্র ও বিচার ব্যবস্থা- কোনোটাই নিরাপদ নয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি যদি আন্দোলনের নামে আবারও জ্বালাও-পোড়াও করতে চায়, তাহলে জনগণই তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগে কোনো অনুপ্রবেশকারী নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতি তিন মাস পর পর জরিপ হচ্ছে। তিনি বলেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জরিপ অনুযায়ী জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ মনোনয়ন দেবে। যিনি জরিপে এগিয়ে থাকবেন, তাকেই মনোনয়ন দেওয়া হবে।
