একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারীর শূন্যপদে জনবল নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরের ১০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় এখানেও বহুনির্বাচনী প্রশ্নে ওএমআর পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। এ দুটি পদে চুয়াডাঙ্গার চার উপজেলার মোট চাকুরী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯১৪ জন। জনবল নিয়োগ পরীক্ষার সকল প্রস্তুতি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগেই শেষ হয়েছে। কেন্দ্রেগুলোতে সিট নম্বর ও সিট প্ল্যান লাগানোর পর চুড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা ভিত্তিক জনবল নিয়োগ পরীক্ষা বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘কোন প্রকার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম ছাড়াই মেধা খাটিয়ে পরীক্ষা দেয়ার মনমানসিকতা নিয়ে কেন্দ্রে আসবে চাকুরী প্রত্যাশিরা। ঘন্টাব্যাপি এ পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থায়ও কোন ঘাটতি নেই। তাই কোন প্রকার ঘুষ বাণিজ্য কিবা তদবির ছাড়াই সকল পরীক্ষার্থী তার সমান অধিকার নিয়ে কেন্দ্রে আসতে কোন বাধা নেই।’ কোন কেন্দ্রে কতজন পরীক্ষার্থী- চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৪০০ জন, সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার জন, ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০০ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০০ জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ হাজার ১০০ জন, চুয়াডাঙ্গা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৩০০ জন, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০০ জন, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৬ জন, চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে ২১ জন ও আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১৭ জন। সর্বমোট ৫ হাজার ৯১৪ জন চাকুরী প্রত্যাশি এ পরীক্ষায় অংশ নেবে বলে জানানো হয়।
