ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সোমবার। এদিন পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা। এ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরস্বতী পূজা উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে সরস্বতী বিদ্যা ও সংগীতের দেবী পূজা আজ। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। আজ প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গৃহ ও দেশের বিভিন্ন এলাকায় সার্বজনীন পূজাম-পে দেবী সরস্বতীর পূজার্চনা অনুষ্ঠিত হবে। ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোতে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন, পিতৃ তর্পণের আয়োজন করা হয়। সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজাম-পগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতিসহ নানা আয়োজন থাকবে। পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত।
