গাংনী অফিস: শশুরের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের হামলায় আহত হয়েছেন মায়ারানি খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী। হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাহারবাটি বাঙ্গালপাড়ায় মায়ারানির শ্বশুরবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, সাহারবাটি গ্রামের খবির উদ্দীনের ছেলে হাফিজুর রহমানের সাথে বিয়ে হয় মায়ারানির। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলেও জন্ম নেয়। নিজেদের পরিবারের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রবাসে পাড়ি জমান হাফিজুর রহমান। স্ত্রী রেখে যান তার বাবার বাড়িতেই। কিন্তু সম্প্রতিক সময়ে এক রাতে মায়ারানি খাতুনের শোবার ঘরে তার শ্বশুর খবির উদ্দীন ঢুকে অনৈতিকভাবে জরিয়ে ধরে। এ ঘটনায় শ্বশুরের সাথে তার বিরোধ শুরু হয়। বিষয়টি জানাজানি হলে শ্বশুর খবির উদ্দীন কয়েকদিন ধরে ছিলো বাইরে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শ্বশুরের পক্ষে নিয়ে খবিরের ছেলে জিয়া ও জিয়ার ছেলে শহিদ এবং মতলেবের ছেলে আবু হোসেন হামলা চালিয়ে মায়ারানিকে আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সে বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনা সে সুবিচার প্রার্থনা করেছেন।
