ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার নুরনগর কলোনিপাড়ায় অটো রিক্সা গ্যারেজে আগুন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ায় অটো রিক্সা গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের ট্রান্সমিটার ব্লাস্ট হওয়ায় মহল্লায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ঘটনায় মহল্লাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়া বুধবার বিকালে মিঠুর অটো রিক্সা গ্যারেজে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এসময় বিদ্যুতের ট্রান্সমিটারটি ব্লাস্ট হয়ে যায়। এতে ওই মহল্লার বেশ কয়েকটি বাড়িতে ট্রান্সমিটার ব্লাস্ট হওয়ার কারণে ঘরের টিভি, ফ্রিজসহ ইলেকট্রনিক সামগ্রী পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার কুতুবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, একই পাড়ার মুনতাজ আলীর ছেলে আরিফুল, মৃত আয়ুব আলীর ছেলে ইন্তাজ, মৃত খোকা শেখের ছেলে রবিউল ইসলাম। বিদ্যুতের ট্রান্সমিটার ব্লাস্ট হওয়ায় ওই মহল্লায় গতকাল বিকাল থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে মহল্লার সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তারা এ ঘটনার জন্য বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মহল্লাবাসীর সাথে কথা বললে তারা জানায়, বিদ্যুতের ট্রান্সমিটারটি বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘুষ খেয়ে মিঠুর অটো রিক্সা গ্যারেজের সামনের পোলে নিয়ে যায় এবং অবৈধ সংযোগ প্রদান করে। গ্যারেজের বিদ্যুতের অভার লোডের কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার পরপরই অটো রিক্সা গ্যারেজের মালিক মিঠু পলাতক রয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় তিনি বলেন, মহল্লাবাসীর এ বিষয়ে সাথে কথা বলেছি। আজ বৃহস্পতিবার মহল্লাবাসীর পক্ষ থেকে প্রতিনিধি ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের নিয়ে এক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর বিষয়ে তিনি বলেন `বর্তমান সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ` তাই কেউ অন্ধকারে থাকবেনা। এ বিষয়ে চুয়াডাঙ্গা ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ফোরম্যন আশরাফুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, মহল্লাবাসী তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সঠিক নয়। মূলত গত মঙ্গলবার থেকেই ওই ট্রান্সমিটারে ভোল্টেজ ওঠানামা করছিলো। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ট্রান্সমিটারটি ব্লাস্ট হয়।
