ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক লাইন মেরামতের ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির ঘটনায় চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার তানজির আহমেদ রনি ও মাঝেরপাড়ার বাচ্চুকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে বড়বাজার এলাকা থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, চাঁদার দাবিতে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অপহরণ ও মারধরের অভিযোগ রয়েছে। রনি ও বাচ্চুসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন বৈদ্যুতিক লাইন নির্মাণ ও পূর্নবাসন কাজের ঠিকাদার যশোর কোতয়ালী থানার চাঁচড়া এলাকার মৃত আইনুল হকের ছেলে মো. আনোয়ারুল হক গোরা। মামলা নং-১১। তারিখ- ০৮.০১.১৮। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মতলেব মন্ডলের ছেলে তানজির আহমেদ রনি ও মাঝেরপাড়ার আলাউদ্দিনের ছেলে বাচ্চু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চুয়াডাঙ্গা জেলার বিদ্যুত লাইন নিমার্ণ ও পূনর্বাসনের কাজ পান যশোরের ঠিকাদার আনোয়ারুল হক। এরপর তিনি কাজের সুবিধার জন্য আনুমানিক ৬ মাস আগে থেকে চুয়াডাঙ্গা সদর থানার জাফরপুর গ্রামস্থ জনৈক বাদশা মিয়া বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করে কার্যক্রম পরিচালনা করছিলেন। কাজ শুরুর সময় থেকে বিভিন্ন সময় তানজির আহমেদ রনি ও বাচ্চুসহ অজ্ঞাতনামা কয়েকজন ক্যাম্পে গিয়ে ঠিকাদারকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে তার কাছে চাঁদা দাবী করে। তারা বিভিন্নসময় ঠিকাদার আইনাল হকের কাছে থেকে চাঁদা হিসাবে ২০ হাজার নিয়ে নেয়। ওই সময় তারা চাঁদা হিসাবে ৫০ হাজার টাকা দাবি করে। চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করে দেয়ারও হুমকি দেয় তারা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গতপরশু রোববার বিকাল আনুমানিক ৫টার দিকে দিগড়ী বটতলা এলাকায় কাজ করাকালীন সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার খুলনা জেলার খালিশপুর হাউজিং বাজার এলাকার আজগার হোসেনের ছেলে আকরাম হোসেনকে জোরপূর্বক অপহরণ করে চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে প্রান্ত ইন্টারন্যাশনাল নামক একটি দোকানে নিয়ে যায় রনি ও বাচ্চুসহ অজ্ঞাতনামা কয়েকজন। পরে দোকানের মধ্যে নিয়ে ম্যানেজার আকরাম হোসেনকে মারধর করে তারা। পরে তারা আকরাম হোসেনের হাতে একটি ফেনসিডিলের বোতল দিয়ে ছবি তোলে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এ সময় আকরাম চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা বিদ্যুত লাইন নির্মাণকাজ বন্ধ করে দেয়। তারপর রনি ও বাচ্চুসহ আসামীরা ঠিকাদার আনোয়ারুল হক ও ম্যানেজার আকরামকে বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করে।
এ ঘটনায় গতকাল সোমবার ঠিকাদার আনোয়ারুল হক গোরা বাদি হয়ে তানজির আহমেদ রনি ও বাচ্চুসহ অজ্ঞাতনামা দু’জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
