ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে পান বরজ নিয়ে বিরোধ
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পান বরজ নিয়ে বিরোধের জের ধরে সবুর খান নামের এক কৃষকের প্রায় চার কাঁঠা জমির পান বরজের পানের পড় (ডাড়া) কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মোজাফ্ফর মন্ডলের ছেলে সবুর খানের সাথে একই গ্রামের গরীব মোল্লার ছেলে মোজাহারের পান বরজে বেড়া দেয়া নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ চলতো। গত শুক্রবারে তাদের মাঝে একই ব্যাপারে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় মোজাহার সবুর খানের পান বরজের ক্ষতি সাধন করবে বলে হুমকি প্রদান করে।
গতকাল শনিবার বিকালে সবুর খানের স্ত্রী ও ছেলের বউ পান বরজের ভেতর কাজ করতে যেয়ে দেখতে পায় প্রায় ৪ কাঁঠা জমির পান বরজের অধিকাংশ পানের পড় (ডাড়া) কাটা। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ সবুর খান দাবী করে বলেন, পুর্ব শত্রুতার জের ধরে মোজাহার, একই গ্রামের তাহের মন্ডলের ছেলে ভাষান, ও নজরুলের ছেলে খাইরুল গত শুক্রবার রাতের আধাঁরে বরজে ঢুকে প্রায় ৪ কাঁঠা জমির পানের পড় (ডাড়া) কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এই ব্যাপারে তিনি গতকাল রাতে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
