ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ। সভায় আসন্ন ২৮শে ডিসেম্বর জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর, কেডিকে ইউপি, দর্শনা পারকৃষ্ণ-মদনা ইউপি ও চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড উপনির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। জেলা প্রশসাক বলেন নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। এদিক থেকে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। শিক্ষাক্ষেত্রে জেলার সকল বিদ্যালয়কে জাতীয় পতাকার কালার ও সঠিক মাপ নির্ণয় করে উত্তোলন করতে বলা হয়। আইন অমান্যকারী বিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়াও জেলার সকল বিদ্যালয়কে ডিজিটাল হাজিরার আওতায় নিয়ে আসার জন্য তাগিদ দেয়া হয়। বাল্য বিবাহ সম্পর্কে যার যার অবস্থান থেকে পিতা-মাতাকে বোঝানোর চেষ্টা করবে প্রয়োজনে প্রশাসনকে তথ্য দিয়ে বাল্য বিবাহ বন্ধ করতে সহযোগিতা করার জন্য বলা হয়। সরকারীভাবে যে সকল দপ্তরের ওয়েব পোর্টাল রয়েছে তা আপডেট দেয়ার সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়। সভা শেষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল কুমার ও যুবউন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম চাকরী থেকে অবসরে যাওয়ায় তাদেরকে জেরা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
