ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সাথে সাক্ষাত করেন তিনি। এসময় চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম শাহান, খলিলুর রহমান, নুরুন্নাহার কাকলি ও হাছিনা খাতুন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ একটি ঐতিহ্যবাহী এবং শতাব্দীকালের প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা জেলা পরিষদ দীর্ঘকাল থেকে জেলার অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রেখে আসছে। জেলা পরিষদ রাস্তা-ঘাট নির্মাণ ও সম্প্রসারণ, গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানসহ লেখাপড়া, চিকিৎসা, ঝড়, অতিবর্ষণে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে তাদেরকে আর্থিক অনুদান প্রদানসহ অবহেলিত দরিদ্র পিড়ীত অদক্ষ মানুষের দক্ষতা বৃদ্ধিসহ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেকার-যুবক ও যুবতিদের কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ, মৎস্য চাষ, কীটনাশকমুক্ত ফল চাষ, সেলাই, এমব্রয়ডারি, বুটিক ও বাটিক ইত্যাদি উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।
