ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করা ফ্লাইটে ত্রুটির ঘটনার মামলায় গ্রেপ্তারকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০ কর্মীকে জামিন দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত তাদের এই জামিন মঞ্জুর করেন। এ মামলায় গ্রেপ্তার অপর আসামি প্রকৌশলী নাজমুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গতকাল সিএমএম আদালত থেকে ১০ জন জামিন পান। গত ৮ ডিসেম্বর এই মামলার ১১ জন আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশ। জামিন পাওয়া ১০ জন হলেন- প্রধান প্রকৌশল কর্মকর্তা (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী জাকির হোসাইন, এস এম রোকনুজ্জামান, সামিউল হক, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান ও জুনিয়ার টেকনিশিয়ান শাহ আলম।
