ছবির ক্যাপশন:
দামুড়হুদার বাঘাডাঙ্গায় বাল্য বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড (জেল) দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হাসান এ রায় প্রদান করেন। খাবার ফেলে বরসহ বরযাত্রীদের ভোদৌড়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুন পাড়ার আলী আহাম্মদের ছেলে খোদা বক্স তার স্কুলপড়–য়া মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে সদাবরী গ্রামের কাশেম আলীর ছেলে প্রবাসি মাহতাবের সাথে বাল্য বিয়ে দিচ্ছে এমন সংবাদ পেয়ে শুক্রবার বেলা ৩টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় বরসহ বরযাত্রীরা খাওয়া দাওয়া করছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে খাওয়া ফেলে বরসহ বরযাত্রীরা যে যেদিকে পারে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাটি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানালে তিনি সন্ধ্যার আগে ঘটনাস্থল বাঘাডাঙ্গা গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মেয়ের পিতাকে সরকারী কাজে বাধাদানের অভিযোগে অভিযুক্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আদালতের আদেশ পেয়ে মেয়ের পিতা খোদা বক্সকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শুক্রবার রাতে সে দামুড়হুদা মডেল থানা হাজতে আটক ছিল।
শনিবার সকালে খোদা বক্সকে জেল হাজতে প্রেরণ করা কবে বলেও জানান ওসি আকরাম। মেয়ের পিতা খোদা বক্স জানায়, পুলিশ পৌছানোর আগেই মেয়ের বিবাহ সম্পন্ন হয়ে যায়। মেয়ের বয়স কয়েক মাস কম থাকায় কাবিন (রেজিষ্টি) হয়নি। কাবিন বাদে ধর্মীয় ভাবে বিয়ে দেওয়া হয়েছে।
