ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সদস্য মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব সোমবার রাতে তাকে ঝিনাইদহ শহরের মজিব চত্বর এলাকার গোলাম মোস্তফা সড়ক থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে আমলী দামুড়হুদা আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। গ্রেফতার মাসুম বিল্লাহ(১৯) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এমএম ফিলিং ষ্টেশনের সামনে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের দুই সদস্যকে জিহাদি বই, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে ছিল র্যাব। এ সময় অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একই দিন র্যাবের এসআই এ রকিব মাহমুদ বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা দায়ের করেন। এ মামলায় র্যাব জেএমবির ৭ জনকে গ্রেফতার করেছে। এ মামলায় মাসুম বিল্লাহ দীর্ঘদিন পালাতক ছিল। র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঝিনাইদহ জেলা শহরের মজিব চত্বর এলাকায় গোলাম মোস্তফা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিকালে তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে মাসুম বিল্লাহর পিতা আমিনুল ইসলাম অভিযোগ করেন প্রশাসনের লোক পরিচয় দিয়ে সাদা পোশাকে তার ছেলেকে প্রায় ১৫/২০ দিন আগে কে বা করা উঠিয়ে নিয়ে যায়। সেই থেকে মাসুম নিখোঁজ ছিল। এ বিষয়ে তারা কোটচাঁদপুর থানায় জিডিও করেছেন।
