ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কাশিপুর গ্রামে জোরপূর্বক ঘর ভেঙে
আলমডাঙ্গা অফিস: জোরপূর্বক ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে আলমডাঙ্গায় সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর সন্ধ্যায় কাশিপুরের মিজানুর রহমানের ছেলে সম্রাট হোসেন ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে, সম্রাট হোসেনের চাচা কাশিপুর গ্রামের টিপু সুলতান গত ৪ বছর আগে আলমডাঙ্গা পৌরসভাধীন এরশাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন হোসেনের নিকট থেকে আড়াই শতক জমি ক্রয় করে ২টি ঘর করে অবস্থান করেন। ওই জমির পূর্বপাশে পৌর কাউন্সিলর সামসাদ রানুর জমি রয়েছে। ওই পাশে পৌর নিয়মানুযায়ি রাস্তার জন্য জমি ছেড়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ১১টায় চাচা টিপু সুলতানের বাড়িতে সামসাদ রানু আর তার স্বামী সদলবলে আতর্কিত আক্রমণ করেন। তারা ২টি ঘরই ভাঙচুর করেছে। এ ন্যাক্কারজনক ঘটনার পরদিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানায় লিখিত অভিযোগ করার অপরাধে ওই দিন সন্ধ্যার পর তারা আরেক দফা ভাঙচুর করেছে। ক্রয়সূত্রে ওই জমির মালিক টিপু সুলতান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ফলে টিপু সুলতানের পক্ষে ভাতিজা হিসেবে সম্রাট হোসেন ওই সংবাদ সম্মেলন করছেন বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
