ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সকাল ৮ টার দিকে কুমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা থেকে খোয়াভাঙ্গা মেশিন নিয়ে লাটাহাম্বার যোগে হাটবোয়ালিয়া গ্রামে যাচ্ছিল মেশিন মালিক সোহেল। এসময় গড়গড়ি গ্রামের আ. জলিলের দুই ছেলে টাইলস মিস্ত্রি উজ্জল (২৪), সজল (১৮) ও তাদের ভাগ্নে ফয়সাল (২২) মোটরসাইকেল যোগে গাংনী থানা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে কুমারী গ্রামে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীনের পুকুরের নিকট একটি পাখীভ্যানকে সাইড দিয়ে খোয়াভাঙ্গা মেশিনসহ লাটাহাম্বা উল্টে পুকুরে পড়ে যায়। ঠিক সেই মুহুর্তে মটর সাইকেল চালক উজ্জল লাটাহাম্বা ওভার টেক করতে গেলে লাটাহাম্বা তাদের উপর দিয়ে চাপা দিয়ে পুকুরের ভেতর পড়ে যায়। এতে মটর সাইকেল চালক টাইলস্ মিস্ত্রি উজ্জল তার সহোদর সজল ও ভাগ্নে ফয়সাল গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত উজ্জল ও সজলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ফয়সালকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
