ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক আলমগীর কবির এবং পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আলমডাঙ্গা ব্যায়ামাগারের একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্যায়ামাগারের ক্যাপ্টেন ইকবাল হোসেন মিয়ার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি প্রথমে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক আলমগীর কবিরের সঙ্গে এবং পরে সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ক্যাপ্টেন ইকবাল হোসেন মিয়া ঐতিহ্যবাহী আলমডাঙ্গা ব্যায়ামাগারের সার্বিক কার্যক্রম, ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই শীর্ষ কর্মকর্তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এসময় প্রতিনিধি দলের পক্ষ থেকে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই সানন্দে সম্মতি জ্ঞাপন করেন।
আলোচনায় অংশ নিয়ে প্রতিনিধি দলে থাকা নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক আলমডাঙ্গা থানার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি ও বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলামের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর থেকেই আলমডাঙ্গায় মাদকের ভয়াবহতা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এস জোহা ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, দুজন সাবেক সেনা সদস্য মোহন ও রবিউল ইসলাম এবং আব্দুর রশিদ মঞ্জু।
