চুয়াডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে বুকে ব্যথায় লুটিয়ে পড়লেন শিক্ষার্থী

হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
চুয়াডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে বুকে ব্যথায় লুটিয়ে পড়লেন শিক্ষার্থী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়ে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব হোসেন সাগর (২০) নামের এক শিক্ষার্থী। দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।


বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত কলেজের একটি ভ্যানে একজনকে সঙ্গে দিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে সাগরের দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।


চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন বলেন, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত পরীক্ষা কেন্দ্রে যান। বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিভাগের প্রধান সফিকুল ইসলামকে জানানো হয়। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)