ছবির ক্যাপশন:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে জেলার বিভিন্ন এলাকার খামারিদের অংশগ্রহণে বসে ১৮টি স্টল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, প্রাণিসম্পদ খাতের মাধ্যমে গবাদিপশু পালন করে স্বাবলম্বী হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। দেশে দিন দিন বেকারত্ব বাড়ছে। বেকার যুবকেরা উদ্যোক্তা হয়ে গবাদিপশুর খামার গড়ে তুললে একদিকে নিজেদের কর্মসংস্থান হবে, অন্যদিকে দেশের বেকারত্ব কমাতেও ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে বড় বড় খামার গড়ে মানুষের স্বাবলম্বী হওয়ার খবর দেখা যায়। এর পেছনে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চুয়াডাঙ্গা জেলার নিজস্ব ঐতিহ্য ব্ল্যাক বেঙ্গল ছাগল। এ জাতের ছাগল পালন করেও অনেকেই স্বাবলম্বী হতে পারেন। প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে এ খাতের সম্ভাবনা সম্পর্কে মানুষকে জানানো গেলে আরও অনেকে উদ্যোক্তা হতে আগ্রহী হবেন। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কানিজ ফাতেমা, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, পুষ্টি নিরাপত্তানিশ্চিতকরণ এবং রপ্তানিমুখী শিল্প হিসেবে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রদর্শনীতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখি নিয়ে অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাসুদ পারভেজ রাসেলসহ অন্য অতিথিরা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
