ছবির ক্যাপশন:
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দর্শনা হল্ট স্টেশন বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ তদারকিমূলক অভিযান চালানো হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, হোটেল, ওষুধ ও খাদ্যপণ্যের দোকান তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে শাহিন রেজার প্রতিষ্ঠান মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা এবং সুমন ছাদেকের প্রতিষ্ঠান মেসার্স হ্যাপি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আজহারুল করিমের প্রতিষ্ঠান মেসার্স মীম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অনিয়ম দূর করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যদের একটি দল।
