ছবির ক্যাপশন:
দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ন্যায্য মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির প্রধান ফটকের সামনে অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। এসময় তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে অস্থায়ী ও দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। বিশেষ করে মৌসুমে উৎপাদন কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক ও কারিগরি কাজে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন কাজ করেও তঁাঁরা স্থায়ী চাকরি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরির নিশ্চয়তা না থাকায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বিবেচনায় তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় সীমিত মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকদের নিয়মিত আয় ও চাকরির নিরাপত্তা না থাকায় তাঁদের আর্থিক সংকট আরও বাড়ছে। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি, চাকরির স্থায়িত্ব এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
বক্তারা অভিযোগ করেন, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে এর আগেও একাধিকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে তাঁরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন থেকে অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক-কর্মচারীদের স্ব-স্ব পদে স্থায়ীকরণ, ন্যায্য মজুরি এবং চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়ন করে দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মোর্শেদুর রহমান লিঙ্কন, পলাশ আহমেদ, রাশেদুল হক, শহিদুর রহমান, মিলন জোয়ার্দ্দার, ইউসুফ আলী, চৌধুরী রাসেল আহমেদ, জেলহক ও মহুয়া খাতুনসহ অন্যরা।
মানববন্ধন শেষে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের একটি প্রতিনিধিদল কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে দেশের সরকারপ্রধান বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন। এছাড়া স্মারকলিপির অনুলিপি শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়। স্মারকলিপিতে শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের কর্মজীবন, আর্থিক সংকট ও চাকরি স্থায়ীকরণের দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
