গহেরপুরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিলে মিলল মরদেহ

মাথায় ধারালো অস্ত্রের ১০-১২টি কোপের চিহ্ন; হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
গহেরপুরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিলে মিলল মরদেহ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের ছোট কামরির বিলে বদর উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় তাঁকে হত্যা করা হয়। গতকাল বুধবার ভোরে বিলের পাশের একটি নালায় তাঁর মরদেহ পাওয়া যায়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১০-১২টি কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।


নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মৃত সামছদ্দির ছেলে। তিনি গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মৌসুমি খাতুনের স্বামী। তাঁর দুই ছেলে ও এক প্রতিবন্ধী মেয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, বদর উদ্দিন চিহ্নিত মাদক কারবারি ছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতা কিংবা মাদক কারবারের দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে ছোট কামরির বিলে নিজের জমির পাশে তৈরি একটি কুঁড়েঘরে যান বদর উদ্দিন। সেখানে তিনি সাধারণত সন্ধ্যা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত অবস্থান করতেন। ওই এলাকায় মাছ ধরার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


বুধবার ভোরে তাঁর বড় ছেলে সুমন ওই মাঠে মাছ ধরার জাল তুলতে যান। এসময় তিনি বাবার কুঁড়েঘরটি ভাঙা অবস্থায় দেখতে পান। পাশের নালায় পানির ওপর একটি জ্যাকেট ভাসতে দেখে সন্দেহ হলে চাচাকে ডেকে সেখানে নিয়ে যান। পরে নালায় বাবার মরদেহ শনাক্ত করেন তাঁরা।


নিহতের ছেলে সুমন জানান, তাঁর বাবা প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। বিলের পাশে তাঁদের জমিতে একটি কুঁড়েঘর রয়েছে। তাঁর বাবা সেখানেই অবস্থান করতেন। বুধবার সকালে সেখানে গিয়ে তিনি বাবাকে মৃত অবস্থায় দেখতে পান।


নিহতের ভাতিজা ইয়ামিন হোসেন জানান, বুধবার ভোরে তাঁর বাবা মাঠ থেকে ফোন করে চাচাকে হত্যার খবর দেন। পরে পরিবারের সদস্যদের জানিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ দেখতে পান। এরপর থানা ও পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। তাঁর ভাষ্য, বদর উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১০-১২টি কোপের চিহ্ন ছিল।


খবর পেয়ে দর্শনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের ভাষ্য, বদর উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। একসময় গড়াইটুপি গ্রামের লতিফ মেম্বার হত্যা মামলার সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতার কথা জানান তাঁরা। তবে হত্যাকাণ্ডের সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বুধবার বিকেলে তাঁর দাফন সম্পন্ন হয়।


এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)