ছবির ক্যাপশন:
অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার নতুন প্রশাসক সুজন পারভেজ। গত মঙ্গলবার তিনি পৌরসভার চতুর্থ প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে সুজন পারভেজ বলেন, দর্শনা পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। কোনো সেবাগ্রহীতা যেন পৌরসভা কার্যালয়ে এসে হয়রানি বা অযথা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কারও অবহেলা বা গাফিলতির কারণে যেন কোনো নাগরিক প্রাপ্য সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। একই সঙ্গে পৌরসভার সব ধরনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং হাট-বাজারের ইজারা পৌরসভার আয়ের অন্যতম প্রধান উৎস। এসব খাত থেকে রাজস্ব আদায় বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও তৎপর হতে হবে। এর মাধ্যমে পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি এবং নাগরিক সেবার পরিধি সম্প্রসারণ সম্ভব হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ আগস্ট স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪-এর ৪২(ক) ধারা অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সুজন পারভেজকে দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে মনোনীত করা হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলম, প্রধান সহকারী শাহ আলম শাহ, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরেফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া, কনজারভেন্সি ইন্সপেক্টর মোমিনুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
