ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে বাইসাইকেল চুরির অভিযোগে মফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধরে মারধর করেছেন স্থানীয় লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর গ্রামের মৃত সাবের মণ্ডলের ছেলে কাবিল ওরফে চান মিয়া রাস্তার পাশে তাঁর ব্যবহৃত সাইকেলটি তালাবদ্ধ করে রেখে ভুট্টাখেতে সার দিতে যান। এসময় কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মফিজুল ইসলাম সাইকেলটির তালা ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখে সাইকেলের মালিক চান মিয়া তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে মফিজুলকে মারধর করেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের এসআই প্রদীপ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহ আলম বলেন, মফিজুল ইসলাম নামের ওই রোগীর শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাঁর মাথার বেশ খানিকটা কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া বলেন, সাইকেলের মালিক জানিয়েছেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিনি লিখিত দিয়েছেন।
