আলমডাঙ্গায় অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-11-24 ইং
আলমডাঙ্গায় অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপহরণ মামলা দায়েরের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই অভিযুক্ত মো. আব্দুল আলীমকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আলীম উপজেলার ডাউকী গ্রামের মকবুল হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার কিশোরীকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় আলমডাঙ্গা থানায় মামলা করেন তাঁর পরিবারের সদস্যরা। মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা হওয়ায় কিশোরীর সঙ্গে আব্দুল আলীমের আগে থেকেই পরিচয় ছিল। অভিযোগ রয়েছে, স্কুলে যাতায়াতের পথে তিনি কিশোরীকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাঁকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছিল। এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বাড়ির বাইরে থেকে কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে থানায় মামলা করেন।


তবে এ ঘটনা নিয়ে স্থানীয়দের বক্তব্যে ভিন্ন চিত্র পাওয়া গেছে। তাঁদের দাবি, কিশোরী ও আব্দুল আলীমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে তাঁরা বিয়ের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে যান। পরে গ্রামবাসীর মধ্যস্থতায় তাঁদের ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


স্থানীয়দের আরও দাবি, প্রায় ১০ দিন আগে কিশোরী আবারও বাড়ি ছেড়ে আব্দুল আলীমের বাড়িতে যান এবং সেখানে তাঁর সঙ্গে বসবাস করছিলেন। ফলে মামলার এজাহারে উল্লেখ করা অভিযোগের সঙ্গে স্থানীয়দের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। তবে স্থানীয়দের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


পুলিশ জানিয়েছে, অপহরণ মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)