চটকাতলা: দর্শনার রাজধানী, প্রতিচিন্তার পবিত্র ভূমি - সাজ্জাদ হোসেন

আপলোড তারিখঃ 2026-11-23 ইং
চটকাতলা: দর্শনার রাজধানী, প্রতিচিন্তার পবিত্র ভূমি - সাজ্জাদ হোসেন ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত ‘চটকাতলা’ শুধু একটি স্থান নয়। এটি ইতিহাসের দীর্ঘ ছায়ায় দাঁড়িয়ে থাকা এক চেতনানির্ভর সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবিক প্রাণকেন্দ্র- যা কালান্তরে হয়ে উঠেছে আন্দোলনের, সৌন্দর্যের ও সাহসিকতার এক জীবন্ত প্রতীক। চটকাতলার রূপ কেবল মানুষের দ্বারা গঠিত নয়; এটি গড়ে উঠেছে প্রকৃতি ও সময়ের গভীর সহাবস্থানে। আজও এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আটটি পুরোনো ছায়াবৃক্ষ, যাদের নিচে ঝরে পড়ে আলোছায়া, আর ভেসে আসে পাখির কাকলি।


একসময় এসব গাছের সবুজ শাখায় শাখায় টিয়াপাখিরা বুনে রাখত জীবনের এক সুরেলা কোলাহল। ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ডালে বসত তারা, আর তাদের কিচিরমিচিরে বৃক্ষছায়ার নিস্তব্ধতা ভেঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ত প্রাণচঞ্চলতা; কখনো গাছের কোটরে, কখনো ঘন পাতার আড়ালে গড়ে তুলত আপন নীড়। তাদের সম্মিলিত সুরে চটকাতলার বৃক্ষছায়া পেত এক ভিন্ন প্রাণ। প্রতিটি ডালে জমে আছে স্মৃতি, পাতায় পাতায় লেখা সময়ের নিঃশব্দ ভাষ্য। এই বৃক্ষগুলো শুধু গাছ নয়-তারা চটকাতলার মৌন সাক্ষী, শতবছরের নীরব দর্শক।


দর্শনার রাজধানী চটকাতলার গোড়াপত্তন ঠিক কবে, কীভাবে বা কার মাধ্যমে-তা ইতিহাসে সুস্পষ্ট নয়। তবে নাম ও পরিচয়ের পেছনে রয়েছে একটি নিঃশব্দ ঐতিহ্য। স্থানীয়ভাবে পরিচিত ‘চটকা’ বা ‘শিরীষ’ (অষনরুরধ ষবননবপশ) গাছের সারি, যা ব্রিটিশ শাসনামলে জেলা বোর্ডের উদ্যোগে সড়কের দু’পাশে রোপিত হয়েছিল-সেই বৃক্ষরাজিই কালক্রমে জায়গাটিকে ‘চটকা-তলা’ নামে পরিচিত করে তোলে, যা পরে রূপ নেয় ‘চটকাতলা’য়।
একসময় দর্শনার সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবিক চিন্তার কেন্দ্রস্থল ছিল রেলওয়ের ‘রানিং রুম’ চত্বর। এটি ছিল কেবল কর্মস্থল নয়-বরং মতবিনিময়ের উন্মুক্ত প্রাঙ্গণ, সংগঠনের সূতিকাগার এবং জনচেতনার উৎসভূমি। এই রানিং রুম চত্বরে বহু আন্দোলনের বীজ রোপিত হয়েছে, বহু সাহসী কর্মের জন্ম হয়েছে-যা দর্শনার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।


তবে সময় বদলায়, রাষ্ট্রভাগ ঘটে, আসে স্বাধীনতার রক্তস্নাত পথ। বাংলাদেশের অভ্যুদয়ের পর প্রশাসনিক কাঠামো ও জনজীবনের বাস্তবতা তৈরি করে নতুন এক কেন্দ্রের প্রয়োজন। সেই প্রেক্ষাপটে রানিং রুমের ঐতিহ্য উত্তরাধিকার হিসেবে ধারণ করে চটকাতলা হয়ে ওঠে নতুন দিনের সাংগঠনিক ও নাগরিক কেন্দ্র। বৃক্ষছায়ায় গড়ে ওঠা এই মোড়টি ধীরে ধীরে ধারণ করে দর্শনার শিক্ষা, প্রশাসন ও সংস্কৃতির মৌলিক কাঠামোকে-নীরবে বহন করে অতীতের উত্তরাধিকার, আর এগিয়ে চলে ভবিষ্যতের পথে।


চটকাতলা দর্শনার ইতিহাসে একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হওয়ার পেছনে রয়েছে এর চারপাশে গড়ে ওঠা একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানকে ঘিরে আগত মানুষের নিয়মিত আনাগোনা। এখানে প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করেন চা বিক্রেতা মেছের আলী ও মুদি ব্যবসায়ী আক্তার আলী লালু। মেছের আলী বিদায়ের পর দোকানটির মালিকানা নেন ইসলাম বাজারের মো. আলী আজগার এবং সর্বশেষ হাল ধরেন বয়োজোষ্ঠ মোজাম্মেল হক। পরবর্তীতে কাঠ ব্যবসায়ী আব্দুল বারেক পাটোয়ারী ও পত্রিকা ব্যবসায়ী মঈন উদ্দীনের আগমনে বাণিজ্যিক পরিবেশ আরও সম্প্রসারিত হয়। সময়ের ধারায় এখানে গড়ে ওঠে নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-যা চটকাতলাকে করে তোলে আরও কর্মচঞ্চল, সক্রিয় ও প্রভাবশালী।


সূর্যের প্রথম আলো ছুঁতেই ধীরে ধীরে জেগে উঠত চটকাতলা। দোকানগুলোর চালায় লেগে যেত সেই কোমল আলোর ছোঁয়া, সেই সঙ্গেই শুরু হতো ঝাঁট দেওয়ার শব্দ, কেটলিতে জল বসানো, পত্রিকার বান্ডিল খোলার ব্যস্ততা, আর খসখসে কাগজের পাতায় চোখ রাখার আয়োজন। একটু পরেই জমে উঠত ভিড়-ছাত্র-যুবক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী, পথচারী, শ্রমিক; কেউ আসতেন এক কাপ চা খেতে, কেউ নিছক গল্প করতে, কেউবা কাস্টমসের নিলাম পরবর্তী বিতরণকৃত ‘বেকার ভাতা’ গ্রহণে। নানা প্রয়োজনে, নানা মানুষের এই আসা-যাওয়ায় চটকাতলা হয়ে উঠত এক প্রাণবন্ত মিলনস্থল। চলত আলাপ-ইতিহাস, সাহিত্য, রাজনীতি, সমাজ, কখনোবা জীবনের একেবারে সাধারণ গল্প নিয়েও। মনে হতো, আলো ফোটার সঙ্গে সঙ্গেই সেখানে জেগে উঠছে ভাবনা, প্রশ্ন আর প্রতিদিনের অসমাপ্ত সংলাপ।


এই সকালের প্রাণ ছিলেন মোজাম্মেল, বারেক, লালু আর মঈন-যাঁদের দোকানের বেঞ্চে প্রতিদিনের আড্ডা গড়ে উঠত এক অনন্য পরিসর। মোজাম্মেলের চায়ের দোকানে বদলাত কাপে চা, আর সেই সঙ্গে কথার মোড়। বারেকের আড়তের ছায়ায় বসে মিলত ভাবনার রসদ, লালুর দোকানে মিলত চিন্তার খোরাক, আর মঈনের বইয়ের স্টলে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যেত একেকটি সময়, একেকটি বই, একেকটি জীবনবোধ। এই জায়গাগুলো কেবল প্রয়োজন মেটাত না, বরং গড়ে তুলত চিন্তার চৌকাঠ-যেখানে চটকাতলা হয়ে উঠত দর্শনার বুদ্ধিবৃত্তিক হৃদয়।


সকাল গড়িয়ে দুপুর হলেই দর্শনা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বাড়ি ফিরত, আর ঠিক তখনই চটকাতলায় জমে উঠত এক ভিন্নতর ভিড়-স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা দলবেঁধে সেখানে জড়ো হতেন। বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল ও বিপ্লবী ছাত্র মৈত্রীসহ নানা মতাদর্শের সংগঠনের কর্মীরা, এমনকি স্থানীয় শীর্ষ নেতারাও সেখানে একত্রিত হতেন।


রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও চটকাতলার ছায়ায় গড়ে উঠত গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে সময়োপযোগী ঐক্য। খণ্ড খণ্ড আলোচনায় নির্ধারিত হতো মিছিলের পথ, পুলিশের চোখ ফাঁকি দেওয়ার কৌশল এবং কোথায়, কখন সংগঠিত হতে হবে-তা নিয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা। সেই সময় চটকাতলা কেবল একটি আড্ডাস্থল ছিল না-তা ছিল একপ্রকার প্রতিরোধের কেন্দ্র, বিকল্প রাজপথ এবং সংগ্রামী সংহতির আশ্রয়। 


এই পরিকল্পনার ধারাবাহিকতায় তারা নাটককে বেছে নেন বিকল্প প্রতিবাদের ভাষা হিসেবে। সেই চিন্তা থেকেই গড়ে ওঠে ‘অনির্বাণ’ এবং পরবর্তীতে ‘সাম্প্রতিক’। নাটক হয়ে ওঠে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ-বিনোদনের আবরণে জেগে ওঠা এক সাহসী প্রতিবিম্ব। এসব সংগঠনের উদ্যোগেই আয়োজন শুরু হয় একুশে মেলা, বিজয় মেলা, নাট্যোৎসব, যাত্রা উৎসব, সাংস্কৃতিক উৎসব এবং পহেলা বৈশাখকে ঘিরে বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মযজ্ঞ-যা কেবল উৎসব ছিল না, বরং চেতনার ধারক ও জনতার কণ্ঠস্বর। কালক্রমে চটকাতলা হয়ে ওঠে এক স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক-যেখানে রাজনীতি, শিল্প, সংস্কৃতি ও প্রতিবাদ মিলেমিশে সৃষ্টি করেছিল অন্তর্লীন জাগরণ; যেন প্যারিসের বিপ্লবী ক্যাফে, কলকাতার কফি হাউস কিংবা ঢাকার বিউটি বোর্ডিং-যেখানে আড্ডা শুধু আড্ডা নয়, হয়ে ওঠে চিন্তা, বিতর্ক ও সংস্কৃতির এক স্বতন্ত্র পরিসর।


চটকাতলার বিকেলগুলো ছিল ঘরের বাইরের এক শান্ত, ছায়াঘেরা আঙিনা-যেখানে উষ্ণ সম্পর্ক আর বন্ধুত্বের বন্ধনে মোড়ানো থাকত প্রতিটি মুহূর্ত। প্রবীণ মোজাম্মেল, জালাল, ভুলী, ঠান্ডু, বাদশা, গিয়াস, মংলা, রিয়াজ, বশিরসহ পরিচিত মুখগুলো ঘাসে পাটি পেতে বসে তাস খেলত। মোটা চশমার লেন্সে প্রতিফলিত হতো প্রতিপক্ষের তাসের পাতা; সেই সুযোগে কেউ গোপনে দেখে নিত তার হাতে কী আছে; ধরা পড়ে গেলে চারদিক কেঁপে উঠত গগনভেদী হাসিতে। পাশেই কেউ রেডিওর চ্যানেল ঘুরিয়ে শোনাতেন ভেসে আসা কালজয়ী গান-‘হাওয়াতে উড়তে যায় মেরে লাল দোপাট্টা মালমাল...।’


এই সুর মিশে যেত বিকেলের হাওয়ায়, আর আড্ডা হয়ে উঠত যেন চলমান এক সিনেমার দৃশ্য। কেউ নিঃশব্দে ভাগ করে নিতেন দিনের ক্লান্তি আর জীবনের টুকরো টুকরো গল্প। এই আড্ডা ছিল শুধুই অবসরের বিনিময় নয়-এতে ছিল বিশ্বাস, বন্ধুত্ব আর নির্ভরতার অন্তরঙ্গ অঞ্চল। আত্মীয়তার বাইরেও এক গভীর আত্মীয়তা তৈরি হয়েছিল, যার উষ্ণতা আজও স্মৃতির পাতায় রয়ে গেছে। অনেকেই আজ নেই, তবু বিকেলের হাওয়া মাঝে মাঝে সেই পুরোনো হাসির প্রতিধ্বনি বয়ে আনে-সময়কে অতিক্রম করা এক অদৃশ্য সৌরভ।


সন্ধ্যা নামলেই চটকাতলা যেন রূপ নিত এক অন্তর্জগতে। একদিকে ভেসে আসত মসজিদের আজান, অন্যদিকে পাশের হিন্দু বাড়ির উঠোন থেকে শোনা যেত শঙ্খধ্বনি। এই দুই ধ্বনি আলাদা হলেও, তাদের ছন্দে থাকত একরকম শান্তি-এক নিঃশব্দ সহাবস্থান, যেখানে ভিন্নতা ছিল, কিন্তু কোনো বিরোধ ছিল না। এভাবেই প্রতিবছর প্রস্তুত হতো আশুরার মিছিল। সাজানো হতো তাজিয়া, ওড়ানো হতো নানা রঙের নিশান, আর ছোটদের কণ্ঠে প্রতিধ্বনিত হতো মার্সিয়া। বিহারি মহল্লায় ভেসে বেড়াত মাতমের ছন্দ-‘হায় হুসেইন’, ‘আবে কারবালা’-যে ধ্বনি ছিল শোকের, আবার প্রতিবাদের ভাষাও।


জমে উঠত সাংস্কৃতিক কর্মকাণ্ড। চটকাতলা হয়ে উঠত মুক্তমঞ্চ-হিন্দোল সংগীত পরিষদ, অনির্বাণ থিয়েটার, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন, অন্বেষা ক্লাব, গণউন্নয়ন গ্রন্থাগারকে ঘিরে আবৃত্তি, গণসংগীত, নাটকের মহড়া, পোস্টার আঁকা ও স্লোগান লেখার চর্চা চলত নিয়মিত। রেডিওর আশপাশে ভিড় হতো ছাত্র জনতাÑবিবিসি বাংলা ও ভয়েস অব আমেরিকার খবর শোনার জন্য। ঢাকার উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় কর্মসূচির ঘোষণা শোনামাত্রই চটকাতলা থেকে বেরিয়ে পড়ত অগ্নিমিছিল-‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, ‘এরশাদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘একদফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি’-এই স্লোগানে দর্শনার শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে উঠত।
রাত গভীর হলে শহর ঘুমিয়ে পড়ত, কিন্তু চটকাতলার রাতের নিজস্ব এক জগৎ ছিল। চটকাগাছের ডালপালায় ভেসে আসত তক্ষকের (ঞড়শধু মবপশড়) একটানা ডাক, দূরে কাস্টমসের পাহারাদারের ঘণ্টাধ্বনি জানান দিত রাতের প্রহর-এই দুই শব্দে চেনা চটকাতলার রাত যেন পেত এক স্বতন্ত্র সুর। বন্ধ দোকানের শাটারের ওপারে দিনের কথোপকথন স্তিমিত হয়ে এলেও বাতাসে যেন রয়ে যেত পুরোনো হাসি আর হারিয়ে যাওয়া সময়ের দীর্ঘশ্বাস। মোজাম্মেল, বারেক, মঈন-তাঁরা আজ আর নেই; তবু তাঁদের পদচিহ্ন, কথামালা ও প্রাণবন্ত উপস্থিতি চটকাতলার স্মৃতির ভাঁজে অমলিন হয়ে আছে। আছেন কেবল ‘লালু’-বয়ামে রাখা নাড়ু-বিস্কুট আর জীবনের গল্প নিয়ে আজও বসে থাকেন তাঁর দোকানে; যেন বদলে যাওয়া সময়ের বুকেও অতীতের একটি পরিচিত জানালা আজও খোলা রেখেছেন।

সময়ের পরিবর্তনে চটকাতলার পরিচিত মুখ, আড্ডা ও সাংস্কৃতিক ব্যস্ততা অনেকটাই বদলে গেছে। তবু তার মাটির গভীরে প্রোথিত শিকড় আজও ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। মাঝে মাঝে পুরোনো মানুষের ফিরে আসা, স্মৃতিবিজড়িত আঙিনায় তাঁদের নীরবে দাঁড়িয়ে থাকা যেন মনে করিয়ে দেয়-কোনো স্থানের প্রাণ কেবল তার স্থাপনা কিংবা সেখানে উপস্থিত মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়; তা বেঁচে থাকে কাল থেকে কালান্তরে বহমান ঐতিহ্য ও মূল্যবোধের ধারায়। হয়তো কোনো একদিন সেই চিরচেনা বৃক্ষছায়ায় আবারও মিলবে নতুন দিনের পদচারণা, প্রাণ পাবে আড্ডা, সংস্কৃতি ও সম্মিলিত সৃজনের পরিসর। অতীতের গৌরবকে ধারণ করে নবীনদের হাত ধরে চটকাতলা হয়ে উঠবে মানুষের মিলন, মনন ও সৃজনশীলতার উন্মুক্ত প্রাঙ্গণ।

কারণ চটকাতলা কেবল একটি স্থান নয়-এটি স্বপ্ন, সংগ্রাম, সহাবস্থান ও সম্মিলিত পথচলার এক অবিনাসী উত্তরাধিকার; দর্শনার মানুষের হৃদয়ে জেগে থাকা এক অদৃশ্য শপথ-স্বপ্ন দেখার, প্রতিবাদ করার, সৃষ্টি করার এবং উত্তরসূরিদের হাতে সেই অঙ্গীকার তুলে দিয়ে অবিরাম এগিয়ে যাওয়ার।
লেখক: উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মী

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)