ছবির ক্যাপশন:
ছাত্র-জনতার আন্দোলনে ২৪’র ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। দলটির ফ্যাসিবাদী কার্যক্রম ও দুঃশাসনের দগদগে চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। অথচ পালিয়ে যাওয়ার মাত্র দুই বছরের মধ্যে আবারও দলটির নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম ও তাণ্ডবের প্রস্তুতি নিচ্ছে। যার সর্বশেষটি সম্প্রতি গোপালগঞ্জে অবলোকন করেছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়াও দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই অংশ হিসেবে তাদের সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর ও রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকারের এই সংলাপের আহ্বানকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নীতিগতভাবে স্বাগত জানিয়েছে। তবে সংলাপের স্থায়িত্ব, গণভোটের রায় বাস্তবায়ন, ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকর করা এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হওয়ার কারণগুলো নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ ও শর্তও উঠে এসেছে।
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। তিনি বলেন, নিজের দোষ ও অপশাসনের কারণে শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পাশর্^বর্তী দেশে পালিয়ে গেছেন। এরপরও দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা ও আগুন-সন্ত্রাসের মতো কর্মকা- শুরু করেছেন। শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, সেই দেশটি বাংলাদেশকে একেবারে ফোকলা করে ফেলেছে। এমন কোনো খাত নেই, যেখান থেকে তারা লাভের টাকা নিয়ে যায়নি। সুদে-আসলে সবকিছু নিয়ে গেছে। দুদু বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে হবে। সরকারকে সমর্থন জানাতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে। সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকা- নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা ও মাঠপর্যায়ে সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম করছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের একাধিক স্থাপনা ও থানায় হামলা এবং গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখা কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ছাড়া সংসদ সদস্য এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান সেলিম ও কে এম বাবরের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় এখন পর্যন্ত বিএনপির তিন নেতা ও দুই বাসচালকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত। তাদের অনেককেই ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি এই গোষ্ঠীর নাশকতা প্রতিহত করতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান। একই দিন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ওই দিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একটি একান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক ঐক্য ও সংলাপের বিষয়ে আলোচনা হয় বলে জামায়াত সূত্র জানিয়েছে।
যমুনায় এনসিপির সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপের সূচনা :
প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার নিশ্চিত করেন যে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এবং দলটি এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে। তবে বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি এনসিপির শীর্ষ নেতারা জাতীয় ঐক্যের ভিত্তি ও স্থায়িত্ব নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেছেন।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যালায়েন্স দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের ভিত্তিমূলও থাকা জরুরি।
এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের সূত্র অনুযায়ী, সোমবারের বৈঠকে দলটির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট বিষয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে- ঐক্যের ভিত্তি নির্ধারণ, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
গণভোটের আলোকে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নসহ দলটির ঘোষিত পাঁচ দফা দাবি ও রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে নিজেদের অনড় অবস্থান তুলে ধরা। জুলাই গণঅভ্যুত্থানের পর যেসব কারণে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তা পর্যালোচনা করা। বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা।
সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোট প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে নীতিগতভাবে স্বাগত জানালেও, ঐক্যের রূপরেখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেছে। জামায়াতের সিনিয়র নেতাদের সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এর প্রথমটি হলো সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্বিতীয়টি হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা। বিরোধীদলীয় নেতার মতে, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত শক্তি আবারও রাজপথে নাশকতা চালানোর চেষ্টা করছে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ‘১১-দলীয় ঐক্য’ জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের মূল ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, দলটির আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
যুগপৎ আন্দোলনের শরিক পর্যবেক্ষণ:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির সঙ্গে দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও। সংশ্লিষ্ট নেতাদের মতে, রাজনীতির মাঠে আদর্শিক, নীতিগত ও কৌশলগত নানা ইস্যুেত দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা গণতান্ত্রিক চর্চার অংশ। তবে দেশের যেকোনো ক্রান্তিকালে জাতীয় স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সব দলের মধ্যে ঐক্য থাকা অপরিহার্য।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা মনে করেন, বর্তমান বহুমুখী অর্থনৈতিক চাপ, ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং অভ্যন্তরীণ নাশকতা কোনো একক দলের পক্ষে মোকাবিলা করা কঠিন। সরকারপ্রধান সব রাজনৈতিক দলের পরামর্শ ও সহযোগিতা নেওয়ার যে মানসিকতা দেখিয়েছেন, তা দলগুলোর মধ্যকার দূরত্ব ও অবিশ^াস কমিয়ে আনতে সহায়ক হবে।
যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক নানা ইস্যুেত আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্য থাকতে হবে। তিনি বলেন, ইতোপূর্বে আমরা ২০ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলাম এবং ৪ আগস্ট একটি অনুষ্ঠানে আমাদের ডাকা হয়েছিল, সেখানে আমাদের কথা প্রধানমন্ত্রী শুনেছিলেন। আবারও প্রধানমন্ত্রী তারেক রহমান যে দলগুলোর সঙ্গে বসার উদ্যোগ নিয়েছেন এটি ইতিবাচক।
সাইফুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চায়, ভয়ংকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই ধরণের সঙ্কট মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব না। এটা করতে হলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। তারাই সন্ত্রাস এবং নাশকতার জবাব দেবে।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই ক্রান্তিকালে এ ধরণের উদ্যোগটি ভালো। কারণ এখন পাশর্^বর্তী দেশ থেকে পলাতক আ.লীগের নেতা-কর্মীরা দেশকে অস্থিতিশীল করছে, নানারকম উস্কানি দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সকলের সাথে ঐক্য সৃষ্টি হবে এবং সম্পর্কের ঘনিষ্টতা বাড়বে। দেশ পরিচালনাও সহজ হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা এখনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে আলোচনার বিষয়ে কথা বলা যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন তাদের সঙ্গে বরাবরই বিএনপির ঘনিষ্ঠতা রয়েছে। সরকার গঠনের আগে এবং পরে একাধিকবার তাদের সঙ্গে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র চলছে এটা কোন দল নয় তা পুরো জাতির বিষয়। যেসব দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশের উন্নতি চায় এ জায়গায় ঐক্যবদ্ধ থাকার কথা। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে বিশৃঙ্খলা করছে, এর জন্য জাতীয় ঐক্য দরকার। ১৭ বছরে ফ্যাসিবাদি লড়াইয়ে মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ফিরিয়ে আনার জন্য সবাইকে রাজপথে নামা দরকার।
