ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় ইন্তাজ আলী (৫২) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়ায় বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁর পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইন্তাজ আলী ভাংবাড়ীয়া-বামানগর সেতুর দিক থেকে ভ্যান চালিয়ে ভাংবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফেরিঘাটপাড়ায় বকুলের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ ভ্যানের ওপর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় পাশের বাড়ির কয়েকজন বাসিন্দা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভ্যানের নিয়ন্ত্রণ হারানোর আগেই তিনি স্ট্রোক করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ইন্তাজ আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত দবির সাধুর মেজো ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংসারের প্রয়োজনে জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে উপার্জন করতেন। রোববার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। তাঁর দুই ছেলে রয়েছে।
অসুস্থ শরীর নিয়েও পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন জীবিকার সন্ধানে বের হতেন ইন্তাজ আলী। কিন্তু রোববারের সেই বের হওয়াই হয়ে উঠল তাঁর শেষ যাত্রা। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর দুই সন্তান।
এ বিষয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মনির বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’
